ধর্মমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৬ বারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় শপথ নেন। এর আগে কায়কোবাদ একই মন্ত্রণালয়ের দুইবার প্রতিমন্ত্রী ছিলেন।
এদিকে কায়কোবাদের মন্ত্রী হওয়ার খবরে মুরাদনগরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। ফেসবুক পোষ্টে দেয়া হচ্ছে অভিনন্দন বার্তা। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জামায়াত মনোনীত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।
এর আগে জাতীয় পার্টির মনোনয়নে তিনি ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার এবং ১৯৮৮ সালে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২ মে ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদের তিনি জাতীয় পার্টির মনোনয়নে কুমিল্লা-৩ আসন থেকে থেকে আবারও সংসদ সদস্য হন। বিএনপিতে যোগ দিয়ে দলের মনোনয়নে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ৩ আগস্ট ২০০২ থেকে ১ জুলাই ২০০৩ সাল পর্যন্ত তিনি ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে ৯ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। কায়কোবাদে ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী কে এম মুজিবুল হক বলেন-আলহামদুলিল্লাহ, কুমিল্লা তথা মুরাদনগরবাসীর প্রত্যাশা পুরণ হয়েছে। দলের প্রবীণ নেতা কায়কোবাদ মন্ত্রী সভায় স্থান পেয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আশা করি দেশের উন্নয়ন অগ্রগতিতে নতুন উদ্যোমে কাজ করবে।
এক প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন, বার বার মুরাদনগরবাসী আমাকে বিশাল জনসমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি সব সময় চেষ্টা করি জনগণের ভোটের রায়ের সেই মর্যাদা দিতে। অতীতে ধর্ম মন্ত্রণালয়ের কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি তারেক রহমানের নেতৃত্বে এ মন্ত্রণালয় আরও ঠেলে সাজানো হবে। এ মন্ত্রণালয়ের প্রতি মানুষের যা প্রত্যাশা এর চেয়ে আরও কিছু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কায়কোবাদ বলেন-দলের নবীন ও প্রবীণ নেতাদের নিয়ে গঠিত এ মন্ত্রীসভা দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বলে আশা করি।