রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ সকালে দায়িত্ব নেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. আলী হোসেন ফকির। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন নবনিযুক্ত আইজিপি। এ ছাড়াও আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে কর্মরত ছিলেন তিনি।
আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।
বর্তমানে আলী হোসেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।