ঢাকা, বাংলাদেশ

মালয়েশিয়ায় ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ২

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ডিউক কুয়ালালামপুরের দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে দুর্ঘটনাটি ঘটে আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কে।


সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, একটি লরি ইঞ্জিন বিকল হয়ে মাঝ লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়।


এরপর আরেকটি লরি সহায়তার জন্য থামে। তবে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থাকা সব যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই ৫২ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে একজন স্থানীয় লরি চালক এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।

দুর্ঘটনার সময় তারা দুজনই নিজেদের গাড়ির বাইরে ছিলেন এবং সংঘর্ষে আটকে পড়ে মাথা ও শরীরের আঘাতে প্রাণ হারান। এ ছাড়া ৪৩ ও ৩৫ বছর বয়সী দুইজন পুরুষ এবং ৩৮ বছর বয়সী এক বিদেশিসহ মোট তিনজন আহত হন। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রাথমিক তদন্তে জানা গেছে, শেষের লরিচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে জনসাধারণকে টুন এইচ.এস. লি ট্রাফিক পুলিশ স্টেশনের ০৩-২০৭১৯৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।


সূত্র: এনএসটি অনলাইন

যুগশঙ্খ