ঢাকা, বাংলাদেশ

জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণে মৎস্যজীবী থেকে ভোক্তা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, জাটকা নিধন বন্ধ করতে আইন কঠোরভাবে মানতে হবে ও সচেতনতা বাড়াতে হবে।


মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদরের মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের গর্ব ও ঐতিহ্য। ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইলিশকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেন। পরে ২০০৩ থেকে ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইলিশ উৎপাদন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেন।

তিনি আরো বলেন, এক সময় দেশে প্রায় ২০ লাখ টন ইলিশ উৎপাদিত হলেও তা কমে প্রায় দুই লাখ টনে নেমে আসে। বর্তমানে জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে উৎপাদন আবার বাড়ছে। জাটকা নিধন পুরোপুরি বন্ধ করা গেলে দেশে আবার ২০ লাখ টন ইলিশ উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, চাঁদপুর ইলিশ উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। দেশের মোট উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এখান থেকে আসে। তবে আগের তুলনায় এখন ইলিশের সংখ্যা কমে গেছে। এর প্রধান কারণ জাটকা নিধন।

তিনি বলেন, একটি ডিমভর্তি ইলিশ ধরা মানে হাজার হাজার ভবিষ্যৎ মাছ নষ্ট করা। তাই ইলিশ রক্ষায় সবার সচেতন হওয়া জরুরি। সরকার জেলেদের জন্য চাল, তেলসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার ৫০০ টাকা। তবে জেলেদের দায়িত্বশীল আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

জেলেদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অন্তত ২ মাস মাছ ধরা বন্ধ রাখলে ছোট ইলিশ বড় হয়ে বেশি দামে বিক্রি করা যাবে। এতে ভবিষ্যতে জেলেদের আয়ও বাড়বে। তিনি বলেন, ইলিশ এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একটি পরিচিত ব্র্যান্ড। এ সুনাম ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চাঁদপুর অঞ্চলের চর ও প্রাকৃতিক পরিবেশ উন্নত করা গেলে উৎপাদন আরো বাড়বে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্থানীয় মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নেয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য, জাটকা ধরা থামালে সাগর ও নদী ইলিশে ভরে উঠবে।

যুগশঙ্খ