রাষ্ট্রীয় শোকের তিন দিনে যেসব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিল ডিএমপি
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এ শোক পালন করা হবে।
এই সময় রাজধানীতে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ডিএমপি গভীর শোক প্রকাশ করেছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকা মহানগর এলাকায় নিম্নোক্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে—
ডিএমপির নির্দেশনা অনুযায়ী—
🔹 শোককালীন সময়ে রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹 উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
🔹 উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সবাইকে রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।