খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল হক (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে রুবেল হক মোটরসাইকেলে করে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।
নিহত পুলিশ সদস্য রুবেল হকের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে। পুলিশ ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।