বাজুস সভাপতি এনামুল ও তার স্ত্রীর ১৭ একর জমি জব্দ ও ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক : বাজুস সভাপতি এনামুল হক খান ও তার স্ত্রী শারমীন খানের ১৭ দশমিক ৬১ একর জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের নামে থাকা ১২ হাজার শেয়ার, ২টি গাড়ি ও ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ পৃথক এই আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আবেদন দুটি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, এনামুল হক খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ১২টি ব্যাংক হিসাবে মোট ৭২ কোটি ৩১ লাখ টাকা জমা, ৭২ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।
আয়ের উৎস আড়াল করায় এনামুল হক খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
এনামুল হকের স্ত্রী শারমীন খানের বিরুদ্ধে দুদকের করা আবেদনে বলা হয়েছে, শারমীন খান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ৭টি ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
দুদকের করা দুটি আবেদনেই বলা হয়েছে, মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হওয়ার আশঙ্কা রয়েছে। সে জন্য তাদের সম্পদগুলো জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।