স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেজগাঁও থানায় হাজির হয়ে হত্যা মামলাটি দায়ের করেন, যার নম্বর ৫।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশন্য মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী সুরাইয়া বেগম আজ সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এরআগে বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার পাঁজরে গুলি লেগেছে। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বুধবার রাতে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোছাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। এ ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।