ঢাকা, বাংলাদেশ

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সরকারি পরিচালক মো. আশিকুর রহমান।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। ডিএনসিসির অধীনস্থ মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট অন্য নানাবিধ বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আবেদনে আরো বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুদক এক নোটিশে মোহাম্মদ এজাজকে ২৯ জানুয়ারি দুদক কার্যালয় হাজির হওয়ার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে ডাকা হয়। কিন্তু ২৯ জানুয়ারি তিনি দুদকে হাজির হননি।

যুগশঙ্খ