মানবাধিকার কমিশন গঠনে ৬ সদস্যের বাছাই কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : সরকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগের জন্য একটি ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করেছে। এই কমিটি কমিশনের জন্য প্রার্থী নির্বাচন করে সুপারিশ দেবে।
সোমবার (১২ জানুয়ারি) ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, এ কমিটি গঠন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
ছয় সদস্যের কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বা তার মনোনীত মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ সাংবাদিক ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। এরপর ৭ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেন। চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে পাঁচজন অবৈতনিক সদস্যও পদত্যাগ করেন। তারা হলেন- মো. আমিনুল ইসলাম, কংজুরি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক তানিয়া হক এবং সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।
এরপর সরকার ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন বাতিল করে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, চেয়ারপারসন এবং চারজন কমিশনার নিয়ে কমিশন গঠিত হবে। কমিশনের সকল সদস্যের মেয়াদ চার বছর।
কমিটি গঠনের এই পদক্ষেপকে মানবাধিকার সংক্রান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরকারের নতুন মানবাধিকার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।