আইফোন ১৮ প্রো লঞ্চের আগেই তথ্য ফাঁস, রঙ ও ডিজাইনে চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজে নতুন ও গাঢ় রঙের সংযোজন আনতে পারে। সরবরাহ চেইন থেকে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে উন্মোচন হতে যাওয়া এই স্মার্টফোনগুলোতে আগের তুলনায় আরও সংযত ও ডার্ক টোনের রঙ ব্যবহার করা হতে পারে। এর মধ্যে ‘ডার্ক চেরি’ নামের একটি নতুন রঙ বিশেষভাবে নজর কাড়তে পারে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল বর্তমানে একাধিক রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যদিও চূড়ান্ত উৎপাদনের আগে এসব রঙ পরিবর্তিত হতে পারে। সম্ভাব্য চারটি রঙের মধ্যে রয়েছে লাইট ব্লু (Pantone 2121), ডার্ক চেরি (Pantone 6076), ডার্ক গ্রে (Pantone 426C) এবং সিলভার (Pantone 427C)। ডার্ক চেরি রঙটি গভীর ওয়াইন-লাল শেডের, যা আগের উজ্জ্বল লাল রঙের তুলনায় ভিন্নধর্মী।
ডিজাইনের দিক থেকেও কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক ক্যাড ড্রয়িং অনুযায়ী, আইফোন ১৮ প্রো মডেলগুলোতে ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড থাকতে পারে, যা স্ক্রিনে আরও বেশি জায়গা দেবে। এছাড়া পেছনের ক্যামেরা লেআউটে কিছু পরিমার্জন এবং গ্লাস ব্যাক ও মেটাল ফ্রেমের মধ্যে আরও ভালো রঙের সামঞ্জস্য দেখা যেতে পারে।
একই প্রতিবেদনে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়েও কিছু তথ্য উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, এই ডিভাইসটি সীমিত কিছু রঙে আসবে— যেমন সিলভার, সাদা এবং ইন্ডিগো। এতে দুটি রিয়ার ক্যামেরা এবং ভেতরের ও বাইরের ডিসপ্লেতে দুটি করে সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনটি খুললে দেখতে আইপ্যাড মিনি-এর মতো হতে পারে এবং খোলা অবস্থায় এর পুরুত্ব প্রায় ৪ দশমিক ৭ মিমি হতে পারে।
ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ প্রো সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে উন্মোচন করা হবে। অন্যদিকে, ফোল্ডেবল মডেলটি একই সময়ে বা তার কিছু পরে বাজারে আসতে পারে। এছাড়া আইফোন ১৮ সিরিজের অন্যান্য মডেল ২০২৭ সালের শুরুর দিকে প্রকাশ পেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া