ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’

শাহবাজ আরও লেখেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই; যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।’

শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।

প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

যুগশঙ্খ