শিক্ষামন্ত্রী হচ্ছেন এহছানুল হক মিলন!
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারে কে কোন মন্ত্রী হচ্ছেন-তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও আলোচনা। শিক্ষামন্ত্রীর নামের তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন এহছানুল হক মিলন।
এই আসনের ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।
রাজনীতিবিদ, লেখক এবং সাবেক এই সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করায় তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
হেলিকপ্টারে চড়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে নকলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেন মিলন। এর আগে তিনি ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাবেক মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেছিলেন।