ঢাকা, বাংলাদেশ

যুগশঙ্খ সম্পাদক কামাল মোশারেফের জন্মদিন আজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সাংবাদিকতায় সক্রিয় থেকে পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন কামাল মোশারেফ। আজ তার জন্মদিন। তিনি সাপ্তাহিক যুগশঙ্খ ও jugoshankho.com-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশির দশকের ৩ এপ্রিল বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে গ্রামীণ পরিবেশে। এই পরিবেশ তার জীবনবোধ ও দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। পরবর্তীতে একই উপজেলার গুয়াবড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে তার স্থায়ী বসবাস গড়ে ওঠে।

শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএল.বি) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর (এলএল.এম) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি মানবাধিকার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স অব হিউম্যান রাইটস ল’) অর্জনের মাধ্যমে তিনি আইনি ও মানবিক দৃষ্টিভঙ্গির একটি শক্ত ভিত্তি গড়ে তোলেন। পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।

সাংবাদিকতা জীবনের শুরু বরিশালের আঞ্চলিক পত্রিকায়। সেখানে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তার পেশাগত ভিত্তিকে দৃঢ় করেছে। ২০১০ সালে ঢাকায় এসে তিনি জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় যুক্ত হন। শীর্ষ নিউজ, বাংলামেইল এবং বাংলাদেশের খবর পত্রিকায় সিনিয়র প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনাম অর্জন করেন।

২০১৮ সালের ১ অক্টোবর থেকে তিনি সাপ্তাহিক যুগশঙ্খ-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে পত্রিকাটি ধীরে ধীরে একটি নির্ভরযোগ্য, অনুসন্ধানধর্মী ও পাঠকআস্থার গণমাধ্যমে পরিণত হয়েছে—যেখানে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ২০১৭-২০১৮ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১-২০২২ মেয়াদে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজিএফ), ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি বরিশাল জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য হিসেবে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।

পেশাগত উৎকর্ষ সাধনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সৌদি আরব, ভারত ও পাকিস্তানসহ একাধিক দেশ ভ্রমণের অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করেছে।

নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা এই সাংবাদিকের জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করা হয়েছে।

যুগশঙ্খ