বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান
বিশেষ প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ইস্যুতে জাপানের প্রতিনিধিদের বাংলাদেশের প্রস্তাব পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং বিশেষভাবে গুরুত্ব পায় বিমানবন্দরের এমবার্কেশন ফি, আপফ্রন্ট পেমেন্ট ও রাজস্ব ভাগাভাগির বিষয়গুলো।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় জাপানকে নতুন করে প্রস্তাব সংশোধন করে জমা দিতে হবে। একই সঙ্গে তিনি নতুন সরকারের পক্ষ থেকে জাপানের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকার বারবার আলোচনায় বসছে এবং দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে তারা আশাবাদী।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।
বৈঠকে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পুনরায় আলোচনায় বসার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।