ঢাকা, বাংলাদেশ

বিরোধীদলেও মুক্তিযোদ্ধা আছেন: স্পিকার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় বেঞ্চে কোনো মুক্তিযোদ্ধা নেই— স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যে স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিরোধীদলেও মুক্তিযোদ্ধা আছেন। আমি নিজে রণাঙ্গণে দেখেছি সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম (জামায়াতের এমপি) একজন মুক্তিযোদ্ধা।


মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রাষ্ট্রপতিকে একজন ভাগ্যবান ব্যক্তি উল্লেখ করে জাতীয় সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাষ্ট্রপতিকে এই কারণে ভাগ্যবান বলছি যে মহামান্য রাষ্ট্রপতি এমন একজন রাষ্ট্রপতি যিনি তিন ধরণের তিনটি সরকারের শপথ পড়িয়েছেন। প্রথমত বিনাভোটে নির্বাচিত, দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তবর্তী সরকার এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকারের শপথ উনি পড়িয়েছেন। সবশেষে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারকে উনি শপথ পড়িয়েছেন।


তিনি বলেন, আজকের এই সংসদ একটি অনন্য বৈশিষ্ঠের সংসদ। যে সংসদে ২১৯ জন নতুন সংসদ সদস্য। এরমধ্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। বিরোধীদলীয় নেতাও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি।


তিনি আরও বলেন, আমি বলতে চাই প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতা। আপনাকে (স্পিকার) নিয়োগ, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে ১৯৭১ বসে আছে। আপনি বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম। আপনাকে দেখলে অনেকের ভাল লাগবে, অনেকের হয়তো ভাল লাগবে না। কিন্তু আপনি এই মহান সংসদে ১৯৭১ সালকে রিপ্রেজেন্ট করছেন। মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করে দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন। আজকে সরকারি দলের বেঞ্চে বহু মুক্তিযোদ্ধা বসে আছেন। তি‌নি এরপর ব‌লেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই।


তার এই বক্তব্যের সময় বিরোধীদলের সদস্যরা উচ্চশব্দে চিল্লাচিল্লি করতে থাকেন। তখন স্পিকার প্রতিমন্ত্রী শাহে আলমকে থামিয়ে দিয়ে বলেন, মাননীয় সদস্য এক মিনিট। বিরোধীদলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজে রণাঙ্গণে দেখেছি, সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম তিনি একজন মুক্তিযোদ্ধ।


সাতক্ষীরা-৪ আস‌নে জামায়া‌তের এম‌পি গাজী নজরুল ইসলাম রোববার (৫ এপ্রিল) সংস‌দে ব‌লেন, নবম সে‌ক্টরে মেজর জ‌লি‌লের নেতৃ‌ত্বে মু‌ক্তিযুদ্ধ ক‌রে‌ছেন। কিন্তু আওয়ামী লীগ আম‌লে তার নাম মু‌ক্তি‌যোদ্ধার তা‌লিকা থে‌কে বাদ দেয়।


একাত্ত‌রে পা‌কিস্তান সেনাবা‌হিনীর তৎকালীন ক্যাপ্টেন হা‌ফিজ উদ্দিন আহমদ বি‌দ্রোহ ক‌রে মু‌ক্তিযু‌দ্ধে যোগ দেন। নবম সে‌ক্টে‌রে যুদ্ধ ক‌রেন। বীর‌ত্বের জন্য তাকে বীর বীক্রম খেতাব দেয়া হয় মু‌ক্তিযু‌দ্ধের পর। বর্তমান সংস‌দে স্পিকা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন তি‌নি।

যুগশঙ্খ