ঢাকা, বাংলাদেশ

মহান বিজয় দিবসের দিন ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তাজনিত কারণে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য ঢাকা মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারা জাম্প আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির সময় প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময় কোনো ট্রেন চলাচল করবে না।


মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিরতির কারণে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় সময় ব্যবস্থাপনা করে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

যুগশঙ্খ