তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৪ জন দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
২০০১ সালের দিকে জহির উদ্দিন স্বপন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক নিযুক্ত হন। পরে তিনি দলের মিডিয়া সেলের আহ্বায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। তবে ওই সংসদ স্বল্পস্থায়ী হওয়ায় ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ জুন ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।