গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভবনটিতে ছিল না ফায়ার হাইড্রেন্ট। এজন্য ভেতরের গোডাউনে ঢুকতে সময় লাগে। যার ফলে আগুন নেভাতে দেড় ঘণ্টা দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ৮ তলা ওই ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।
সংস্থাটি বলছে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। অবশেষে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ভবনটি সাত তলা। তবে ওপরের অংশে টিন দিয়ে বেশ কিছু গোডাউন তৈরি করা হয়েছে। ফলে এটি আট তলা। সেগুলোতে টুপি, আতর, তাসবিহ ও জায়নামাজসহ নানা পণ্য রয়েছে। আগুনে এসব পণ্য পুড়েছে।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে কাজ করা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় সময় একটু বেশি লেগেছে। ভবনের ওপরের বর্ধিত অংশটি বৈধ কি-না তা নথিপত্র যাচাই সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনও ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।