ঢাকা, বাংলাদেশ

জবির একমাত্র ছাত্রী হলে ইসলামী ছাত্রীসংস্থার জয়জয়কার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে নিরঙ্কুশ ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় পেয়েছে।


বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় হলের রিটার্নিং কর্মকর্তা ও প্রাধ্যক্ষ আনজুমান আরা উর্মি এ ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা. জান্নাতুল উম্মি ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার পেয়েছেন ২৩৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা পেয়েছেন ২৩৬ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা। তিনি পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান পেয়েছেন ৪০৪ ভোট।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে জবির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী শীর্ষ তিন পদেই জয়ের হাসি হেসেছেন এই প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।


সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির প্রার্থী।

অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এই পদে ১১৩৪ ভোট বেশি পেয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা।

যুগশঙ্খ