অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে: মমতা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ সময় বেলা ১টার দিকে মমতার এক্স অ্যাকাউন্টে পোস্টটি দেওয়া হয়েছে। পোস্টে মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
ওই এক্স পোস্টে মমতা দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় থাকার ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন।
এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
ফেসবুক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।