দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইরান, তবে সতর্কবার্তা
আন্তর্জাতিক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী সাঈদ আব্বাস অরঘচি বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে তারা হামলা বন্ধ করলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে।
তিনি জানান, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালির নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে নিশ্চিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। শত্রুপক্ষ ভুল করলে কড়া জবাব দেয়া হবে।
বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের প্রতি কৃতজ্ঞতাও জানান আব্বাস অরঘচি। তিনি বলেন, শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরে এই অঞ্চলে যুদ্ধে সমাপ্তির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য আগামী শুক্রবার থেকে ইসলামাবাদে আলোচনা শুরু হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
এর আগে, যুদ্ধবিরতি নিয়ে সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে আজ রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ—ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এ শর্তে আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।
এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আমরা ইতোমধ্যে আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি, এবং তা অতিক্রমও করেছি। একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি।
তিনি আরও লেখেন, ইরানের পক্ষ থেকে আমরা একটি ১০ দফা প্রস্তাব পেয়েছি, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশির ভাগ বিরোধপূর্ণ বিষয়েও ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত ও কার্যকর করার সুযোগ করে দেবে বলে আমরা আশা করছি।