ঢাকা, বাংলাদেশ

বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।

বিসিবি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচির কথা জানিয়েছে। ওয়ানডে তিনটি শুরু হবে সকাল ১১টায়। তাতে করে সন্ধ্যা ৬টা-৭টা বাজলেও ফ্লাডলাইট বেশি সময়ের জন্য জ্বালানোর প্রয়োজন পড়ছে না। আর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ পুরো ৪০ ওভার হলে ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হওয়ার কথা।

সময় বদলালেও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তারিখ বদলায়নি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

যুগশঙ্খ