ঢাকা, বাংলাদেশ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

শফিক আহমেদের ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

যুগশঙ্খ