কাশিমপুর কারাগার থেকে মুক্ত শিরীন শারমিন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকাল চারটার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানা এলাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নিয়েছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে তার রিমান্ড আবেদন খারিজ হওয়ায় তিনি কারাগারে ছিলেন। আজ রোববার শুনানি শেষে তিনি জামিন পান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে আর দেখা দেননি। এর আগে গুঞ্জন উঠেছিল, ৫ আগস্ট ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়। এরপর থেকে তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন এ নিয়েও বিভিন্ন আলোচনা ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে গত ৭ এপ্রিল ভোররাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।