ঢাকা, বাংলাদেশ

জকসু নির্বাচন : ভিপি জিএসসহ ২১ পদের ১৫টিতে জয়ী শিবির সমর্থিত প্যানেল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর পর প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৫টিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের প্যানেলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদলসমর্থিত প্যানেল ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার রাত ১টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান।

কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে শিবিরসমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলসমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। অপরদিকে, ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

এজিএস পদে শিবিরসমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোসা. সুখীমন খাতুন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদক নূর মোহাম্মদ, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া ও ক্রিয়া সম্পাদক জরসিজ আনোয়ার নাঈম।

ছাত্রদলের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াস আল রাকিব, পরিবহন সম্পাদক পদে পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ জয়ী হয়েছেন।

শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ফাতেমা আক্তার, আকিব হাসান, শান্তা আক্তার, মো. আব্দুল্লাহ আল ফারুক জয় পান।

ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদে জয়ী হয়েছেন মো. সাদমান আমিন, ইমরান হাসান ইমন এবং স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান জয়ী হয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলে যান্ত্রিক জটিলতা দেখা দেয়। ফলে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা বন্ধ রেখে মধ্যরাত ১২টার পর ভোট গণনার কাজ শুরু হয়। উপাচার্য, ছাত্র সংগঠনসমূহ ও নির্বাচন কমিশনারদের যৌথ সভায় প্রথমে ম্যানুয়ালি এবং পরবর্তী মেশিনে সব ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একটি কেন্দ্রের ভোট গণনা করা হয়। ফলাফল প্রকাশ করা শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে। প্রথমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগের ফল ঘোষণা করা হয়। সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়া

শিবিরসমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা এগিয়ে আছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।

জয়লাভ নিয়ে জকসু নির্বাচনে জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, জকসু স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মন ভেঙে গিয়েছিল। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। তিনি বলেন, এটা কারও পরাজয় না। এটা জবিয়ানদের বিজয়। আমরা সবাইকে নিয়েই কাজ করে যাবো। ক্যাম্পাসের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা জরুরি। আমি তেমনটাই করবো।

এজিএস পদে জয়লাভ করে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় গণনা বন্ধ রাখতে হয়েছিল। তবে বর্তমানে ম্যানুয়াল ও মেশিন-দুই পদ্ধতিতে ফল যাচাই করে ঘোষণা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে কিছুটা সময় লাগলেও নির্বাচন কমিশন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা যারা বিজয়ী হয়েছেন ও যারা অংশগ্রহণ করেছেন তাদের অভিবাদন জানাই। আর যারা অংশ নিয়েছেন তাদের সকলকে নিয়ে নির্বাচিতরা কাজ করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় অঙ্গনে একটি অন্যতম মাইলফলক স্থাপন করলো। অনেক ত্যাগ তিতীক্ষার পর সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠভাবে জকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতদের অভিনন্দন জানাই। এই নির্বাচন সম্পন্ন করতে যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা, সর্বোপরি শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।

যুগশঙ্খ