ঢাকা, বাংলাদেশ

বিএনপি ২০৯, জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


তিনি বলেন, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-এর দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ১টি, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।


অতিরিক্ত সচিব আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

জানা গেছে, অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না।

যুগশঙ্খ