বিশ্ব গণমাধ্যমে বিএনপির ‘ভূমিধস’ জয়ের খবর
আনস্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপির জয়কে ‘ভূমিধস’ জয় অভিহিত করার পাশাপাশি একাধিক প্রতিবেদনে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ইসি জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
এদিকে ২৯৯ আসনের মধ্যে মিত্র দলের ৩টি আসনসহ ২১২ আসনে বিজয়ী হয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের নানা চিত্র সবিস্তারে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ঐতিহাসিক এই নির্বাচনের সংবাদ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদুলু জানায়, সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে মাত্র দু-একটি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ১০ লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদোলু।
আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা-স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্র ঘুরে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি।
আরও বলা হয়, এবারের নির্বাচনে অনেকেই ২০০৮ সালের পর এই প্রথমবার ভোট দিয়েছেন। তাদের স্বপ্ন, নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে। জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয় গণনার ভিত্তিতে বিবিসি, আল জাজিরা, সিএনএনের মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনগুলোতে তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিলো বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও দেশটির সাংবাদিকরা ভোটকেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
বিএনপির বিজয়কে ‘বিশাল জয়’ আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়ার আগেই জাতিসংঘ একে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে বলে জানায় ভারতীয় এই গণমাধ্যম। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডনও।