বেলা ১১টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেলা ১১টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর আজ ১২ ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন পথযাত্রার এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।
অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে- বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে গেছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ।