ঠাকুরগাঁও-১ আসনে এগিয়ে মির্জা ফখরুল
যুগশঙ্খ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের অধিকাংশ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ৩৫টি কেন্দ্রে ৩৯ হাজার ১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩ ও নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।
আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে কাটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।