গণতান্ত্রিক উৎসবের মুহূর্তে এক ফ্রেমে তারেক-জুবাইদা-জাইমা
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে ভোট দেয়ার পর জাইমা রহমানের ফেসবুক পেজ থেকে এই ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি কেন্দ্র করে এরই মধ্যে আলোচনা চলছে। এক ফ্রেমে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের তাদের সবার মুখেই হাসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছিল। উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোট দিচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। জিয়া পরিবারের জন্যও আজকের এই দিনটি অন্যরকম। কারণ, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। সেই সঙ্গে প্রথমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে লড়ছেন। ডা. জুবাইদা রহমান দীর্ঘবছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, জাইমা রহমান প্রথমবারের মতো ভোট দিয়েছেন। সব মিলিয়ে তাদের তিনজনের এই ছবিটি যেন জিয়া পরিবারের নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে এটা দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ব্যাপারে আগ্রহ দিচ্ছে। সেই সঙ্গে তারুণ্যের গণতান্ত্রিক সচেতনতার দিকটিও প্রকাশ পাচ্ছে।
ভোট দিয়ে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।
প্রসঙ্গত, ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনের প্রার্থীও তারেক রহমান। ভোট দেয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা ইসলাম। তারা তিনজনেই একই কেন্দ্রে ভোট দিয়েছেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসনে নির্বাচনে লড়ছেন সেখানে জামায়াতের প্রার্থী স.ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জন প্রতিদ্বন্দিতা করার কথা ছিল। তবে গতকাল বুধবার চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজাত ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ ও তৃতীয় লিঙ্গ ৮ জন।
তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হওয়ার মাধ্যমে। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
যদিও তিনি আগে সরাসরি নির্বাচনে অংশ নেননি, তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রচার কৌশল ও প্রার্থী নির্বাচনে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনে থেকে তিনি ভার্চ্যুয়ালি দলের নেতৃত্ব দেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।