আলোচনায় বসার আগ্রহ আছে ইরানের: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য ইরান প্রতিনিধি দল পাঠাতে ইচ্ছুক বলে জানিয়েছে পাকিস্তান। সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের দুজন কর্মকর্তা এই তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতিনিধিরাই ইসলামাবাদে আসতে পারেন বলে তারা সতর্ক আশাবাদ ব্যক্ত করছেন।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের প্রতিনিধিদলের সফরের বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আলোচনার সময় নিয়ে কোনও জল্পনা-কল্পনা না করার জন্য সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন কর্মকর্তারা। তারা জানান, পুরো প্রক্রিয়াটি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।
এর আগে ইসলামাবাদের কর্তৃপক্ষ এ সপ্তাহে সম্ভাব্য আরেকটি দফার আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
তবে পাকিস্তানের এই আশাবাদের বিপরীতে ভিন্ন বার্তা দিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা তেহরানের এখনও নেই। তিনি বলেন, এখন পর্যন্ত, আমি এখানে যা বলছি, আলোচনার পরবর্তী ধাপের কোনও পরিকল্পনা নেই এবং এ বিষয়ে কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।
তবে ইসমাইল বাঘাই ভবিষ্যতে ইরানের আলোচনায় বসার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি।
সূত্র: এপি