ইরানের সঙ্গে আজকেই চুক্তি সই হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে নাটকীয়তা থামছেই না। তেহরান আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ সোমবারই পাকিস্তানে এই চুক্তি সই হতে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এদিকে, আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিনিধিদলে ভ্যান্সের সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প বলেন, ‘তারা এখন পথেই আছে। ইসলামাবাদের সময় অনুযায়ী আজ রাতেই তারা সেখানে পৌঁছাবে।’
নৌ-অবরোধ না তোলা পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা ইরান দিয়েছে, তাকে কার্যত উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনো নাটক করছে না।’
সংলাপে বড় কোনো অগ্রগতি হলে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতেও আপত্তি নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের সঙ্গে দেখা করতে আমার কোনো সমস্যা নেই। যদি তারা চায় এবং আমাদের প্রতিনিধিরা ইতিবাচক কিছু করতে পারে, তবে আমি সরাসরি আলোচনায় বসতে রাজি।’
আলোচনার কেন্দ্রে থাকা মূল শর্তটি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘ইরানকে তাদের পরমাণু অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না।’
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে আলোচনা ব্যর্থ হলে বা ইরান শর্ত না মানলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমি এ নিয়ে এখন বিস্তারিত কিছু বলতে চাই না। কিন্তু আপনারা কল্পনা করে নিতে পারেন—বিষয়টি মোটেও ভালো হবে না।’
এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তান অনুষ্ঠিতব্য আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে—তারা আলোচনায় অংশ নিচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, ইরানের প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি তেহরান। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় অংশ নেওয়া একই প্রতিনিধিদলই এবারও আসবে। সেই দলে নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।