পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জার্মানি
নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জামানি। সোমবার (২০ এপ্রিল) পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
এদিন সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনপ্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে আগ্রহী।
এ সময় পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
জবাবে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতায় জার্মানির আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত।
সৌজন্য সাক্ষাৎকালে দু’দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।